...|...|...

জাতীয়

জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৬
Shares
জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর

জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করে পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আর্থিক পুরস্কারও দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে পর্যটকের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। পরে ভারত যাওয়ার উদ্দেশ্যে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন তিনি। এ সময় ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে জিনিসপত্র না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

পুলিশ জানায়, হারিয়ে যাওয়া ল্যাপটপে গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। পর্যটকের লিখিত অভিযোগের পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণের সময় নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতি হিসেবে আইজিপি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন।