...|...|...

সারাদেশ

মেহেরপুরে বাবাকে হত্যার পর থানায় হাজির ছেলে

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৭
Shares
মেহেরপুরে বাবাকে হত্যার পর থানায় হাজির ছেলে

মেহেরপুরে বাবাকে হত্যার পর থানায় হাজির ছেলে। ছবি: টাইমস টুডে

মেহেরপুরে ছেলে শাহাবুলের হাতের ধারালো ডাসার কোপে নিহত হয়েছেন বাবা হাবেল উদ্দীন (৭০)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ ঘরে তাকে হত্যা করা হয়। পরে শাহাবুল নিজেই হাজির হন সদর থানায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই বছর আগে হাবেলের মা মারা যান। তারপর থেকেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। বাধ সাধেন ছেলে শাহাবুল।

জমিজমা নিয়ে শুরু হয় বিরোধ। সকালে শাহাবুল তাদের নিজ জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সেখানে গিয়ে জানতে পারেন, তাদের জমি গোপনে একজনকে বর্গা দিয়েছেন তার বাবা। এ সময় ওই বর্গাচাষির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাড়িতে ফিরে আসেন। ঘাস ছেঁড়ানোর একটি ধারালো ডাসা নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেন। এ সময় তার বাবা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধারালো ডাসা দিয়ে বাবা হাবেলের গলায় কোপ দেন তিনি। এতে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন হাবেল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানা পুলিশের একটি দল। পরে শাহাবুল নিজেই হাজির হন থানায়। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরেই হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত ঘটনা জানা যাবে।