...|...|...

খেলা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে স্পষ্ট জবাব নিকো পাজের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে স্পষ্ট জবাব নিকো পাজের

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, তা নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তরুণ মিডফিল্ডার নিকো পাজের নাম। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করে সেই আলোচনায় আরও এগিয়ে গেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। তবে মেসির ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়ে এখনই কোনো ভাবনা নেই তার। আর্জেন্টিনার হয়ে খেলতে পারাটাকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোমোর হয়ে খেলা নিকো পাজ। ম্যাচের সপ্তম মিনিটে বাঁ পায়ের শটে প্রথম গোল করেন তিনি। বিরতির ঠিক আগে ডান পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেন পাজ। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারা সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে আজকের মতো দিনে, যখন এত মানুষ ও এত ভালোবাসা পেয়েছি।’ গোল ডটকমের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

 বর্তমানে আর্জেন্টিনার হয়ে ১৮ নম্বর জার্সি পরেন পাজ। তবে মেসির অবসরের পর ১০ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদার হিসেবে তার নাম উঠে আসছে। জাতীয় দলের হয়ে সবশেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের পর বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন এই তরুণ।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে অনেক সমর্থকই মেসির ঐতিহাসিক জার্সিতে পাজকে দেখতে চান। তবে এ নিয়ে বাড়তি প্রত্যাশা বা চাপ নিতে রাজি নন তিনি। নিজের খেলায় মনোযোগী থাকতেই চান এই আর্জেন্টাইন।

১০ নম্বর জার্সি প্রসঙ্গে পাজ বলেন, ‘সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা হলো, আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ, ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। এ কারণেই আমি খেলি, এভাবেই চালিয়ে যেতে চাই।’

তবে সতীর্থদের মধ্যে পাজকে ১০ নম্বর জার্সিতে দেখার আগ্রহ রয়েছে। বলিভিয়ার বিপক্ষে আগের এক ম্যাচে জয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘নতুন ১০ নম্বর’ বলে ইঙ্গিত দিয়েছিলেন। ফলে মেসির উত্তরসূরি হিসেবে পাজকে ঘিরে আলোচনা আরও জোরালো হচ্ছে।