...|...|...

জাতীয়

মায়ের হাত ধরে থাকা ছেলেকে হত্যা করে আলোচনায় আসেন সুইডেন আসলাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১:১৬
Shares
মায়ের হাত ধরে থাকা ছেলেকে হত্যা করে আলোচনায় আসেন সুইডেন আসলাম

সুইডেন আসলামের পুরনো ছবি। সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ধরতে গত আগস্টে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের সামনে পড়েও সেবার ধরা পড়েননি তিনি। নিজের পরিচয় গোপন করে ‘আলী আকবর’ নাম বলেছিলেন। পুরোনো ছবির সাথে বর্তমান চেহারার মিল না থাকায় তাকে চিনতে পারেননি গোয়েন্দারা। পরে তার ঢাকায় ফেরার খবর পেয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতারের ফাঁদ পাতে ডিবি। শেষ পর্যন্ত গত রবিবার রাতে গ্রেফতার হন সুইডেন আসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম। এরপর বিদেশে চলে গেলেও রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। চাঁদাবাজি ও বিপণিবিতান দখলসহ নানা অপরাধে নতুন করে তার নাম আসতে থাকে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারে নজরদারি বাড়ায় ডিবি।

ডিবির একটি সূত্র জানায়, গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরেন আসলাম। তার দেশে ফেরার খবর পেয়ে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করে ডিবি। পুরোনো একটি মামলার নথিসহ তাকে গ্রেফতারের জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক নানা অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঢাকার নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। 

মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনি। এবার ওই মামলায় সুইডেন আসলামকেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

পরিচয় বদলে পুলিশের সামনে দিয়ে চলে যান

তদন্তসংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, গত আগস্টে দেশে আসার পর তেজগাঁও এলাকায় ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় গোয়েন্দাদের সামনে পড়লেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যান আসলাম। ওই কর্মকর্তার কাছে আসলামের পুরোনো একটি ছবি ছিল। কিন্তু বর্তমান চেহারার সাথে ছবির মিল না থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। নাম জানতে চাইলে তিনি নিজেকে আলী আকবর বলে পরিচয় দেন।

গ্রেফতারের পর গোয়েন্দারা নিশ্চিত হন, সেদিন আলী আকবর পরিচয় দেওয়া ব্যক্তিই ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার তিনি মালয়েশিয়া থেকে একই পথে ঢাকায় আসা-যাওয়া করেন। ডিবির একটি সূত্র বলছে, মালয়েশিয়ায় অবস্থান করলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে তার যাতায়াত ছিল।

চাঁদাবাজি ও মার্কেট দখলের অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামের তিনতলা একটি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন সুইডেন আসলাম। খোঁজ নিয়ে জানা গেছে, মার্কেটটি এখন তার নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের অভিযোগ, সেখানে ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিতে হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই মার্কেট ছাড়াও কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলের ঘটনায় নতুন করে আসলামের নাম এসেছে। তার লোকজন এ এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গত ৭ জানুয়ারি রাত আটটার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে বিনাশ নামের এক সন্ত্রাসীর জড়িত থাকার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি সুইডেন আসলামের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুছাব্বির হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আসলাম। তার জিজ্ঞাসাবাদ সম্পর্কে অবগত এক পুলিশ কর্মকর্তা বলেন, আসলাম জানিয়েছেন, তিনি বিনাশ নামের কাউকে চেনেন না।

কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে জিজ্ঞাসাবাদে আসলাম বলেছেন, যুবক বয়সে নানা অপরাধে জড়িত থাকায় তার নাম ছড়িয়ে পড়েছিল। তবে এখন তিনি কোনো অপরাধে জড়িত নন। স্থানীয় অনেকেই বিপদে পড়ে তার কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করেন। পুলিশের ওই সূত্রের ভাষ্য, আসলাম যেসব সমস্যার সমাধান করেন বলে দাবি করেছেন, সেগুলো মূলত আদালত ও পুলিশের কাজ।

যেভাবে অপরাধজগতে উত্থান

সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বর্তমানে তার বয়স ৬৫ বছর। তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা স্বাধীনতার পর ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তার বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুলে পড়াশোনা করেছেন আসলাম। প্রতিষ্ঠানটির বর্তমান নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফুটবল খেলায় ভালো ছিলেন আসলাম। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাসের পর ভর্তি হন তেজগাঁও কলেজে। এরপর থেকেই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।

২০১৫ সালের ২৩ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত ‘সুইডেন আসলামের সামনে এখন কেবল একটি মামলা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় তার জড়িয়ে পড়ার অভিযোগ আসে।

আশি ও নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একেকজনের নিয়ন্ত্রণে অপরাধজগৎ গড়ে ওঠে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। ওই তালিকায় মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের কালা জাহাঙ্গীর, মগবাজার ও মালিবাগের সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের পিচ্চি হান্নান এবং মোহাম্মদপুরের হারিস আহমেদসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নাম ছিল। সে তালিকায় আসলামের নাম না থাকলেও ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ওঠে।

যেভাবে ‘সুইডেন আসলাম’ নাম

পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা যায়, আসলামের প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সেখানে যান। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। এরপর রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন সুইডেন আসলাম নামে। পুলিশের তালিকা, মামলার নথি ও সংবাদেও এই নাম ব্যবহৃত হয়েছে।

ইতির সাথে তার সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সে সময় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ইতির সাথে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাকে খুন করেন আসলাম।

পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে একটি পত্রিকায় প্রকাশিত এক লেখায় বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সাথে থাকেন।

২২ মামলার আসামি, জামিনে মুক্তি ২০২৪ সালে

আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, কতটিতে তিনি খালাস পেয়েছেন এবং কতটি বিচারাধীন, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তার মুক্তির সময় বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলার কথা বলা হয়। এর আগে ২০১৫ সালে এক প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া চিঠির বরাত দিয়ে বলা হয়েছিল, ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস পেয়েছেন আসলাম। একটি মামলা বিচারাধীন ছিল।

তার বিরুদ্ধে সর্বশেষ বিচারাধীন মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দেয়। এই মামলাতেই তার জামিন হয়নি। দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

কারাগারে বন্দী থাকলেও অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০১৪ সালের মার্চে কারা অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। একটি গোয়েন্দা সংস্থা ওই ফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। কলের তালিকাসহ একটি গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশকে পাঠানো হয়। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তার হয়ে কাজ করতেন বলে উল্লেখ করা হয়।

গালিব হত্যা মামলায় দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণেও অগ্রগতি ছিল না। ২০১৫ সালের ৮ ডিসেম্বর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের ১৫ অক্টোবর গালিবের স্ত্রী শম্পা এবং ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া সাক্ষ্য দেন। এরপর টানা ৯ বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি।

২০২৪ সালে আসলাম জামিনে বের হওয়ার সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। ওই বছরের ৩ সেপ্টেম্বর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই শেষে রাত নয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। তখন তার বয়স ছিল ৬২ বছর।