সৌদি আরবে চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে দেশটিতে কর্মরত ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে। এর ফলে বেসামরিক মানুষের প্রাণহানি এবং বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পৃথক এক বিবৃতিতে রিয়াদস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকে সৌদি আরবে কর্মরত কোনো মার্কিন সরকারি কর্মচারীকে দেশটির বিমানবন্দর ব্যবহার করতে হলে এখন থেকে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।
এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণসংক্রান্ত নানা ঝুঁকি নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।

