...|...|...

জাতীয়

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

এই বার্তায় ভিসার শর্তাবলি ও অনুমোদিত অবস্থানকাল যথাযথভাবে মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

দূতাবাসের বার্তায় প্রথমেই স্পষ্ট করা হয়েছে যে, একটি বৈধ মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। ভিসা কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের যোগ্যতা প্রদান করে, প্রকৃত প্রবেশাধিকার নয়। কোনো ব্যক্তি বিমানবন্দর বা সীমান্তে পৌঁছানোর পর, সেখানে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন- তাকে প্রবেশ করতে দেওয়া হবে কি না, দেওয়া হলে কতদিনের জন্য থাকার অনুমতি মিলবে এবং সেই অবস্থানকালে কী কী শর্ত প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার এখতিয়ারভুক্ত।

দূতাবাস আরও উল্লেখ করেছে, প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা যে সময়সীমা নির্ধারণ করে দেন, তা যদি কেউ অতিক্রম করেন- অর্থাৎ অনুমোদিত সময়ের পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করতে থাকেন- তাহলে তা ভিসার শর্ত লঙ্ঘনের শামিল বলে বিবেচিত হবে।

একইভাবে, ভিসার নির্দিষ্ট শ্রেণি অনুযায়ী যেসব কর্মকাণ্ডে অংশ নেওয়ার অনুমতি নেই, সেসবে জড়িত হলেও তা নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হবে। যেমন, পর্যটন ভিসা নিয়ে গিয়ে অননুমোদিতভাবে কাজ করা কিংবা শিক্ষার্থী ভিসার শর্তের বাইরে গিয়ে অন্য কোনো কার্যক্রমে যুক্ত হওয়া- এ ধরনের পরিস্থিতি এই সতর্কবার্তার আওতায় পড়তে পারে।

দূতাবাসের বার্তা অনুযায়ী, এ ধরনের লঙ্ঘনের সবচেয়ে গুরুতর পরিণতি হলো- ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। অর্থাৎ, একবার নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে নতুন ভিসার আবেদন করা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এটি শুধু বর্তমান ভ্রমণ পরিকল্পনাকেই প্রভাবিত করে না, বরং দীর্ঘমেয়াদে শিক্ষা, চাকরি বা পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগও বন্ধ হয়ে যেতে পারে।

সবশেষে দূতাবাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভিসার শর্তাবলি ও অনুমোদিত অবস্থানকাল সঠিকভাবে মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে ভিসাধারী ব্যক্তির নিজের। এক্ষেত্রে কোনো ধরনের অজ্ঞতা বা অসতর্কতাকে অজুহাত হিসেবে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয় না। তাই যারা মার্কিন ভিসা নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তার নির্ধারিত শর্ত ভালোভাবে বুঝে নেওয়া এবং তা যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।