ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে ২৫ বিলিয়ন ডলারের তেল রপ্তানি আটকে গেছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির দাবি, টানা ১০০ দিন ধরে চলা এই অবরোধে ইরানের সমুদ্রপথের বাণিজ্য কার্যত বন্ধ হয়ে পড়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, এই অবরোধের ফলে ইরানের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। এতে দেশটির অর্থনীতিতে চাপ বাড়ার পাশাপাশি তেল বিক্রি থেকে আয় কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মানবিক সহায়তার অনুমোদিত চালান ছাড়া সমুদ্রপথে ইরানের আমদানি-রপ্তানি কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। অবরোধের মাধ্যমে ইরানের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করার পাশাপাশি দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থায়নেও চাপ তৈরির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
সংস্থাটির দাবি, তেল বিক্রির আয় ব্যবহার করে আইআরজিসি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, প্রক্সি বাহিনী ও অপরাধী নেটওয়ার্ককে অর্থায়ন করে। অবরোধের ফলে এসব কার্যক্রমে অর্থ জোগানোর সক্ষমতা কমে আসতে পারে।
তবে ইরানের তেল রপ্তানি আটকে যাওয়ার কারণে প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।


