...|...|...

খেলা

ভিনিসিয়ুসের দুঃসময়, লাল কার্ডের পর প্রেমেও বিচ্ছেদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
ভিনিসিয়ুসের দুঃসময়, লাল কার্ডের পর প্রেমেও বিচ্ছেদ

ছবি: সংগৃহীত

মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স নেই, লাল কার্ড দেখে নিষেধাজ্ঞার শঙ্কা, এর মধ্যে প্রেমিকার সাথেও বিচ্ছেদ। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সাথে আবারও সম্পর্কের ইতি টেনেছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে। রবিবার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ ঘটনায় দুজনের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি বলেও জানানো হয়েছে।

ভার্জিনিয়ার প্রতিনিধিদের বক্তব্য, ‘ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র আর একসাথে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। শুধু তারা আর যুগল হিসেবে একসাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে কেন্দ্র করে দুজনের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, ভার্জিনিয়ার সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সাথে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল।

২০২৫ সালের অক্টোবরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। চলতি বছরের মে মাসে তাদের বিচ্ছেদ হয়। তবে দুই মাস পর, জুলাইয়ে আবারও কাছাকাছি আসেন তারা। সেই পুনর্মিলন দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র তিন মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন দুজন।

ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের পাশাপাশি মাঠেও কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন ভিনিসিয়ুস। পরশু রাতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের খেলোয়াড় নাথান সালিবার চুল টানার ঘটনায় লাল কার্ড দেখেন তিনি। এ ঘটনার জেরে দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে তার।

নিষেধাজ্ঞা কার্যকর হলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। ফলে ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ ও মাঠের শাস্তির শঙ্কা, দুই দিক থেকেই চাপের মধ্যে রয়েছেন ভিনিসিয়ুস।