...|...|...

খেলা

বিশ্বসেরা ক্লাবের তরুণদের নিয়ে মেসি কাপের বড় আয়োজন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০২
Shares
বিশ্বসেরা ক্লাবের তরুণদের নিয়ে মেসি কাপের বড় আয়োজন

ছবি: সংগৃহীত

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির আয়োজনে দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল ৮টি দল।

আগামী ২৫ অক্টোবর শুরু হবে মেসি কাপ, চলবে ১ নভেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্টের পরিধি বাড়ানো প্রসঙ্গে ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সাথে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

প্রথম আসরের তুলনায় এবার দ্বিগুণ দল নিয়ে আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাটি। আয়োজকদের লক্ষ্য, তরুণ খেলোয়াড়দের আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে খেলার সুযোগ দেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও তাদের ব্যক্তিগত বিকাশে সহায়তা করা।

দল বাড়ায় সন্তুষ্ট মেসিও। বিশ্বের বিভিন্ন নামী  ক্লাবের একাডেমির তরুণদের একই টুর্নামেন্টে খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

এবারের মেসি কাপে অংশ নেবে ইন্টার মায়ামি সিএফ, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, এফসি বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।

ফ্লোরিডার দুটি আধুনিক ভেন্যুতে বিশ্বের বিভিন্ন দেশের ক্লাব একাডেমির তরুণরা মুখোমুখি হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস। তবে অঞ্চলভেদে সম্প্রচারের সুযোগ ভিন্ন হতে পারে।