চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। উপাচার্যের নিয়োগ, ক্যাম্পাসে প্রবেশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রসংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে চুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে উপাচার্যের অপসারণ দাবি করেছেন।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, “নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেলো চুয়েটে৷ শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার। আজ সকালে ছাত্রদলের ক্যাডারদের নিয়ে 'সাধারণ শিক্ষক' পরিচয় দিয়ে এই ভিসি চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছে। এটাই এই ভিসির বাহাদুরির নমুনা ও যোগ্যতা।”
বিএনপি সরকারের আমলে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “গত ৮ মাসে নজিরবিহীনভাবে ৪৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে দলীয় নেতাদের বসিয়েছে বিএনপি সরকার। এসব নিয়োগে যোগ্যতার বদলে দেখা হয়েছে কার গোলামি কত বেশি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রলীগ ও ছাত্রদলের ভূমিকা তুলে ধরে সাদিক কায়েম বলেন, “আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি অবরুদ্ধ ভিসিদের উদ্ধার করতে ত্রাণকর্তা হয়ে আসতো ছাত্রলীগ, ক্যাম্পাসে টেন্ডার ও উন্নয়ন কাজে চলতো ছাত্রলীগ ও প্রশাসনের ভাগবাটোয়ারার ব্যবসা। ছাত্রলীগকে রিপ্লেস করে ছাত্রদল এখন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের দারোয়ানের ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, “এরকম পরিস্থিতিতে ভিসি পদটি বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।”
বক্তব্যের শেষাংশে সাদিক কায়েম বলেন, “চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানাই, ভিসি নামের গোলামের অপসারণ চাই।”


