...|...|...

খেলা

বিশ্ব ক্রিকেটে সক্ষমতার প্রমাণ দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সকাল ১০:২০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
বিশ্ব ক্রিকেটে সক্ষমতার প্রমাণ দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে মনে করছেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের কন্ডিশনে ২০ উইকেট নেওয়ার সামর্থ্য বাংলাদেশের পেসারদের মধ্যে তৈরি হয়েছে। একই সাথে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারানো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার বড় বার্তা দিয়েছে বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে গতকাল রাতে দেশে ফেরে বাংলাদেশ দল। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব মন্তব্য করেন তালহা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দারুণ শুরু করলেও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে দুই দিনেই পরাজিত হয় দলটি।

জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এটি বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দেয় যে আমরা যেকোনো দলকে হারাতে পারি।‘

বিদেশের মাটিতে টেস্ট জিততে পেসারদের পারফরম্যান্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হিসেবে দেখছেন তালহা। তিনি বলেন, পেসাররা ভালো করলে বিদেশের মাটিতে টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি হয়। তার মতে, ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস এখন দলের পেস বোলিং ইউনিটের মধ্যে রয়েছে এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে আরও ভালো ফল সম্ভব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ এতটাই আধিপত্য দেখিয়েছিল যে ম্যাচের কোনো সেশনেই স্বাগতিকরা সেভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।তবে দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে বলেও স্বীকার করেন তালহা। দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়া বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তার মতে, ব্যাটসম্যানরা একটু ভালো করতে পারলে দ্বিতীয় টেস্টের ফল ভিন্ন হতে পারত।

ম্যাকাইয়ের উইকেট ও টসকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের এই কোচ। তার ভাষায়, উইকেটে টেনিস বলের মতো বাউন্স ছিল, যার সাথে বাংলাদেশ পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। টস বাংলাদেশের পক্ষে গেলে ম্যাচের ফলও বদলে যেতে পারত বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়া সফরের আগে থেকেই তাদের হারানোর বিশ্বাস দলের মধ্যে ছিল বলে জানান তালহা। প্রথম টেস্টের আগে দলের প্রস্তুতিও ছিল ভালো। সবাই দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পেরেছিল বলেই ডারউইনে এমন সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।