দেশের তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক নিয়ে এসেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের ৮টি জেলা থেকে ৬৪০ জনকে নির্বাচিত করা হয়েছে। বাকি ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণের কার্যক্রম এখনও চলমান রয়েছে। যা আগামী ৩০ নভেম্বর শেষ হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে দেশের ৮ জেলার ৬৪ উপজেলা থেকে সংগ্রহকৃত আবেদনগুলোর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উপজেলা থেকে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
এদিকে বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে এসব জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ ক্ষেত্রে ঋণ-প্রত্যাশী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উদ্যোক্তারা এককালীন অনুদান পাবেন। ঋণ ও অনুদানের অর্থ একইসাথে এককালীন দেওয়া হবে।


