ডলারের দর ও শেয়ারবাজারে কিছুটা স্থিতিশীলতা ফেরায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। টানা কয়েক দিন দরপতনের পর শুক্রবার (২৭ নভেম্বর) মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। একইসাথে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।
শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে পৌঁছায়। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।
বার্তা সংস্থা রয়টার্সকে সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, ‘টানা কয়েক দিনের দরপতনের পর ক্রেতারা আবার বাজারে ফিরতে শুরু করেছেন। সাম্প্রতিক বিক্রির চাপ সামলে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হয়েছে বলে মনে হচ্ছে, যা স্বর্ণের জন্য ইতিবাচক। কারণ শেয়ার বাজারে ধস নামায় অনেক বিনিয়োগকারী নগদ অর্থ সংগ্রহ ও অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন।’
স্বর্ণের দাম নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও জানিয়েছেন এই বিশ্লেষক। তার মতে, স্বল্প সময়ের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের মধ্যে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।
এদিকে, বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৮২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ০৭ ডলারে পৌঁছেছে।

