...|...|...

সারাদেশ

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, জামিনে মুক্তি পেলেন সেই সিফাত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, জামিনে মুক্তি পেলেন সেই সিফাত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার মোহাম্মদ সিফাত আবদুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।

তিনি বলেন, বুধবার বিকেলে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে সিফাতকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে সিফাতকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। প্রথমে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়।

দ্বিতীয় দফায় জামিন আবেদন নাকচ হওয়ার পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।