বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার নতুন চুক্তির সুখবর পেলেন কিলিয়ান এমবাপ্পের ছোট ভাই ইথান এমবাপ্পে। ফরাসি ক্লাব লিলের সাথে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে ইথানের সাথে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে লিল। ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের এই ফুটবলারের আগের চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষেই শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির মাধ্যমে তরুণ এই ফরোয়ার্ডের ওপর আস্থার প্রতিফলন দেখিয়েছে ফরাসি ক্লাবটি।
২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির একাডেমি ছেড়ে লিলে যোগ দেন ইথান। এর আগে পিএসজির হয়ে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। ২০২৪ সালের ৪ জুলাই লিলের সাথে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। একই গ্রীষ্মে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তার বড় ভাই কিলিয়ান এমবাপ্পে।
লিলে যোগ দেওয়ার পর অবশ্য চোটের কারণে কঠিন সময় পার করতে হয়েছে ইথানকে। সেই সময়ে ক্লাবের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নতুন চুক্তি স্বাক্ষরের পর ইথান বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি দারুণ খুশি এবং গর্বিত। লিলের সাথে এই যাত্রা অব্যাহত রাখতে পেরে আনন্দিত। আশা করি, বায়ার্ন মিউনিখের বিপক্ষে সদ্য পাওয়া জয়ের মতো আরও অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারব।’
তিনি আরও বলেন, ‘লিলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। চোটের সময়েও তারা সব সময় আমার পাশে ছিল, কখনো হতাশ করেনি। এখানে আমি দারুণ পরিবেশে নিজেকে বিকশিত করতে পারছি। এখন আমার লক্ষ্য আরও উন্নতি করা এবং ক্লাবের হয়ে ট্রফি জেতা।’
ইথানের পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী লিল সভাপতি অলিভিয়ের লেতাংও। গত দুই বছরে এই তরুণ ফরোয়ার্ডের খেলায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি। লেতাংয়ের ভাষায়, ইথান এখন দলের পাশাপাশি আক্রমণভাগেরও গুরুত্বপূর্ণ সদস্য।
লিল সভাপতি বলেন, ‘গত দুই বছরে ইথান নিজের উন্নতির পথে গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে। বর্তমানে সে আমাদের দল ও আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি জানি, তার প্রতিভার সম্ভাবনা এখনো অনেক বড়। আমাদের পরিবারের সাথে থেকে সে আরও অনেক দূর এগিয়ে যাবে।’
চলতি মৌসুমে লিলের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে দুটি গোল করেছেন ইথান। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল। বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
ওই ম্যাচে ইথানের নেওয়া একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পরে ফিরতি বল নিজেদের জালে পাঠিয়ে দেন বায়ার্নের আলেক্সান্দার পাভলোভিচ। শেষ পর্যন্ত সেই আত্মঘাতী গোলই লিলের জয়ের ব্যবধান গড়ে দেয়। বায়ার্নের বিপক্ষে এমন পারফরম্যান্সের কয়েক দিনের মধ্যেই নতুন চুক্তির ঘোষণা পেলেন ইথান।



