...|...|...

লাইফস্টাইল

বাসন ধোয়ার স্পঞ্জ ও মাজুনিতে ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
বাসন ধোয়ার স্পঞ্জ ও মাজুনিতে ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা

ছবি: সংগৃহীত

রান্নাঘরে বাসন পরিষ্কারের জন্য স্পঞ্জ ও ধাতব মাজুনি ব্যবহার করেন অনেকেই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়েছে, এসব উপকরণ থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। গবেষণা বলছে, ব্যবহৃত স্পঞ্জে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমতে পারে। আবার কিছু সিনথেটিক স্পঞ্জ থেকে মাইক্রোপ্লাস্টিকও নির্গত হয়। তবে এগুলোর সাথে সরাসরি ক্যানসারের সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ক্যানসার বিশেষজ্ঞ অভিজিৎ কোটাবাগি জানিয়েছেন, স্পঞ্জের ছিদ্রযুক্ত ও আর্দ্র গঠনে জীবাণু জমার সুযোগ থাকে। নিয়মিত পরিষ্কার না করলে এসব জীবাণু খাবার ও রান্নাঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে।

২০২২ সালে ‘জার্নাল অব অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি’তে প্রকাশিত এক গবেষণায় ব্যবহৃত স্পঞ্জে অ্যাসিনেটোব্যাকটার ও সিউডোমোনাসসহ বিভিন্ন ব্যাকটেরিয়া পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, স্পঞ্জের তুলনায় বাসন ধোয়ার ব্রাশে সাধারণত জীবাণুর পরিমাণ কম থাকে। কারণ ব্রাশ দ্রুত শুকিয়ে যায়।

অন্যদিকে, ২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত একটি গবেষণায় কিছু সিনথেটিক স্পঞ্জ থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গমনের বিষয়টি উঠে এসেছে। তবে এসব কণা মানুষের শরীরে কী পরিমাণ প্রবেশ করে কিংবা ক্যানসার সৃষ্টি করে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ধাতব মাজুনি ব্যবহারের সময়ও সতর্ক থাকা প্রয়োজন। দীর্ঘদিন ব্যবহারে এর সূক্ষ্ম তার ছিঁড়ে বাসনে আটকে যেতে পারে। খাবারের সাথে শরীরে প্রবেশ করলে আঘাতের আশঙ্কা থাকে। তবে ধাতব মাজুনি ব্যবহারে ক্যানসার হয়, এমন প্রমাণ নেই।

বিশেষজ্ঞদের পরামর্শ, স্পঞ্জ ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। দুর্গন্ধ বা ক্ষয় দেখা দিলে বদলে ফেলতে হবে। কাঁচা মাছ-মাংসের রস পরিষ্কারে ব্যবহৃত স্পঞ্জ দিয়ে থালাবাসন না ধোয়াই ভালো। ধাতব মাজুনির তার খুলে এলে সেটিও পরিবর্তন করা উচিত।

অর্থাৎ ক্যানসারের আতঙ্ক নয়, বরং রান্নাঘরের পরিচ্ছন্নতা ও জীবাণু নিয়ন্ত্রণেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।