...|...|...

খেলা

প্রিয় ক্লাবের জার্সিতেই ফুটবলকে বিদায় জানাতে চান দিবালা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৪
Shares
প্রিয় ক্লাবের জার্সিতেই ফুটবলকে বিদায় জানাতে চান দিবালা

পাওলো দিবালা। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত নেই। বরং রোমার হয়েই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর স্বপ্ন দেখছেন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান দিবালা। সেখানে তিনি বলেন, রোমায় থেকেই ক্যারিয়ার শেষ করতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ এক অর্জন।

দিবালা বলেন, ‘আমি রোমাতেই ক্যারিয়ার শেষ করার আশা করি। এখানে অবসর নিতে পারলে দারুণ হবে। এমন খুব বেশি ক্লাব দেখি না যেখানে আমি যেতে পারি। আর রোমায় থাকতে আমার ভীষণ ভালো লাগে। ১৮ বছর বয়সে আমি ইতালিতে এসেছিলাম। নিজেকে অন্য কোথাও কল্পনা করতে পারি না। এটি আমার জন্য অসাধারণ এক ব্যাপার হবে।’

তবে রোমায় অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না এই আর্জেন্টাইন। তার মতে, ফুটবলে সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। তাই আপাতত বর্তমান সময় ও দলের সাফল্য উপভোগ করাই তার লক্ষ্য।

এ প্রসঙ্গে দিবালা বলেন, ‘বিশেষ করে বর্তমান সময়ের ফুটবলে অনেক কিছুই বদলে যেতে পারে। আপাতত আমি কেবল মুহূর্তটা উপভোগ করছি। আমার চুক্তির আরও এক বছর বাকি আছে এবং দল যা অর্জন করছে তা উপভোগ করছি। পরে কী হয় দেখা যাবে।’

কাফের চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন দিবালা। পার্মার বিপক্ষে সিরি আ-তে রোমার ৫-১ গোলের জয়ে শুরুর একাদশেও ছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। এর মধ্যে ফিওরেন্তিনার বিপক্ষে এক ম্যাচেই করেছেন তিনটি অ্যাসিস্ট।

নিজের ফিটনেস ও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট দিবালা। তবে এখনই রোমাকে শিরোপার অন্যতম দাবিদার বলতে নারাজ তিনি। দল ভালো খেললেও সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন এই তারকা।

দিবালার ভাষায়, ‘আমরা শিরোপাজয়ী দল কি না, তা বলার সময় এখনো আসেনি। তবে আমরা জানি আমরা শক্তিশালী, আমাদের একটি সুস্থ ও দারুণ দল রয়েছে। আমরা ভালো করছি এবং আমাদের এই ধারা ধরে রাখতে হবে। কারণ সামনে কঠিন ম্যাচ আসছে। আমি ভালো অনুভব করছি। চোটের সময় কঠোর পরিশ্রম করেছি, পার্মার বিপক্ষে ভালো লেগেছে এবং ধীরে ধীরে আরও ভালো অনুভব করব।’