ব্যালন ডি’অরের বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন স্পেনকে বিশ্বকাপ জেতানো লুইস দে লা ফুয়েন্তে। সংক্ষিপ্ত তালিকায় তাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে মনোনীত হয়েছেন আর্সেনালকে ২২ বছর পর লিগ শিরোপা জেতানো মিকেল আর্তেতা ও পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জেতানো লুইস এনরিকে।
ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বছরের ব্যালন ডি‘অরের সব ক্যাটাগরির মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
বর্ষসেরা কোচের এই লড়াইয়ে স্থান পাওয়া বাকি দুজন হলেন অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জেতানো উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখকে ডাবল (বুন্ডেসলিগা ও জার্মান কাপ) জেতানো ভেসোঁ কম্পানি।
মূল লড়াইটি ফুয়েন্তে, আর্তেতা ও এনরিকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে স্পেনকে অপরাজিত চ্যাম্পিয়ন করায় কিছুটা এগিয়ে থাকবেন দে লা ফুয়েন্তে। আসরের আট ম্যাচে মাত্র এক গোল হজম করেছিল তার দল। এমনকি ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাও গোল লক্ষ্যে কোনো শট নিতে পারেনি।
অন্যদিকে আর্সেনালকে দীর্ঘ দুই দশক পর প্রিমিয়ার লিগের ট্রফি এনে দিয়ে নজর কেড়েছেন মিকেল আর্তেতা। গত মৌসুমে রানার্সআপ ম্যানচেস্টার সিটিকে বড় ব্যবধানে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। পাশাপাশি দলটি চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপেরও ফাইনালে উঠেছিল।
পিএসজিকে টানা দুই মৌসুমে ইউরোপ সেরার মুকুট এনে দিয়ে তালিকায় শক্ত অবস্থানে আছেন লুইস এনরিকেও। চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ফ্রান্সের ঘরোয়া লিগ আঁর শিরোপাও ধরে রাখে তার দল।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে বিজয়ী কোচের নাম ঘোষণা করা হবে।


