...|...|...

সারাদেশ

বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৬
Shares
বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারে একটি বন্ধ দোকানঘর থেকে হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

হাবিবুল্লাহ (৩৮) উপজেলার পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে। তিনি ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামে একটি দোকানের মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজ হওয়ার পরও তার ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। এদিকে তার স্ত্রী ও একমাত্র সন্তান কয়েকদিন ধরে ঝিনাইদহে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শনিবার সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দোকানের ভেতরে বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকার পর দেশে ফিরে হাবিবুল্লাহ স্টিল ফার্নিচারের ব্যবসা শুরু করেন। পাশাপাশি বিদেশে জনবল পাঠানোর কাজের সাথেও তিনি জড়িত ছিলেন। এ-সংক্রান্ত কয়েকটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।