ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার অর্থ নির্ধারিত সময়ে ও সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর পাশাপাশি উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজসেবা অধিদফতরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।
২০২৬–২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ যথাসময়ে পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল প্রস্তুত করে পাঠানো জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। এরপর এসব তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে।
কোনো উপকারভোগীর মৃত্যু কিংবা অন্য কোনো কারণে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে।
ফ্যামিলি কার্ডের ভাতার অর্থ নিয়মিতভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদফতর।
সমাজসেবা অধিদফতরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

