বাংলাদেশ জাতীয় দলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম ইতালির ফুটবল ক্লাব সেস্ত্রি লেভান্তেতে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফাহামিদুলকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লিগ কর্তারা। তবে চুক্তির মেয়াদ কিংবা আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ক্লাবটি।
সেস্ত্রি লেভান্তেতে যোগ দেওয়ার আগে ইতালির অন্য ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলছিলেন ফাহামিদুল। দেড় মৌসুমে ক্লাবটির হয়ে ২৮ ম্যাচে ১টি গোল করেন তিনি। গত জুনে ওলবিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই মুক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন এই মিডফিল্ডার।
ফাহামিদুলের ফুটবল ক্যারিয়ারের পুরোটাই গড়ে উঠেছে ইতালিতে। ইতালির বয়সভিত্তিক লিগে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার জার্সিতে খেলার পর সিরি ডি-র দল লিগর্না, লিভর্নো ও ওলবিয়াতে মাঠে নামেন তিনি।
২০২৫ সালের ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ফাহামিদুলের। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেললেও গোল পাননি তিনি। সদ্য সমাপ্ত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের তিনটি ম্যাচেই মাঠে ছিলেন এই প্রতিভাবান ফুটবলার।
ফাহামিদুলের নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তে বর্তমানে ইতালির পেশাদার ফুটবলের চতুর্থ স্তরে (সিরি ডি) খেলছে। লিগে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা তালিকার ১৪ নম্বরে রয়েছে। লিগের সপ্তম রাউন্ডের খেলায় আজ রবিবার সেলে ভারাজ্জের মুখোমুখি হবে সেস্ত্রি লেভান্তে।


