যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বরখাস্ত হওয়ার পূর্বে ব্রেট সিলভিয়া মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি (কৌশল, পরিকল্পনা ও নীতি) বিষয়ক পরিচালক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনাকারীর দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, এর আগে তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও একইভাবে আগাম অবসরে যেতে বাধ্য করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ।
জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আল-জাজিরাকে জানিয়েছেন, জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং পুরো জয়েন্ট ফোর্স লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের জাতির সেবায় তিনি ৩২ বছর ধরে অত্যন্ত সম্মানজনক দায়িত্ব পালন করেছেন। আমরা আশা করি তার জীবনের পরবর্তী অধ্যায় ও নতুন নতুন সম্ভাবনাগুলো সুন্দর ও সফল হবে।
তবে ট্রাম্প প্রশাসন যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে, ঠিক সেই সময়েই ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করার এই সিদ্ধান্ত এল। সরকারের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক কারণ দর্শানো হয়নি।


