প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয়। জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়। এটা অনেক দেশের জন্য অচিন্তনীয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
সিইসি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণ হচ্ছে। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। ইসি স্বচ্ছতায় বিশ্বাসী। ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন সিইসি।
সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।


