...|...|...

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:০১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৮
Shares
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের সংসদীয় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টিসহ মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসব কেন্দ্রে রয়েছে ৯৮৯টি ভোটকক্ষ।

ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে আগেই বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় চত্বরে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।