...|...|...

সারাদেশ

নামের সাথে ‘ফকির’ থাকায় কটূক্তি, জবাবে হেলিকপ্টারে বউ আনলেন শাহিন ফকির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:১৮
Shares
নামের সাথে ‘ফকির’ থাকায় কটূক্তি, জবাবে হেলিকপ্টারে বউ আনলেন শাহিন ফকির

হেলিকপ্টারে বউ আনলেন শাহিন ফকির। ছবি: সংগৃহীত

নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় ছোটবেলা থেকেই শুনতে হয়েছে নানা কটুকথা। সেই নেতিবাচক মন্তব্যের জবাব দিতে চেয়েছিলেন ব্যতিক্রমী কিছু করে। স্বপ্ন ছিল, একদিন তাকে দেখতে গ্রামের মানুষ ভিড় করবেন। সেই স্বপ্ন পূরণে বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকির। তার এই ব্যতিক্রমী আয়োজনে আনন্দে মেতে ওঠেন গ্রামের মানুষ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধানখেতের পাশে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করে। নবদম্পতিকে দেখতে সেখানে জড়ো হন শত শত মানুষ। মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শাহিন ফকির ওই গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এরপর নববধূকে নিয়ে বাড়ি ফিরতে ব্যবহার করেন দামি হেলিকপ্টার। এ আয়োজনের জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিতে হয় তাকে।

শাহিনের এই ব্যতিক্রমী পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুতি চলে প্রায় দুই সপ্তাহ ধরে। গ্রামের ধানখেতে হেলিপ্যাড তৈরি, প্রশাসনকে অবহিত করা, গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো, বাড়িঘর সাজানো এবং রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন কাজ করা হয়। আয়োজনের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যেও তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস।

নববধূকে নিয়ে হেলিকপ্টারে শাহিনের বাড়ি ফেরার দৃশ্য দেখতে আশপাশের মানুষও ভিড় করেন। কেউ তার আয়োজনের প্রশংসা করেন, কেউবা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাপের বেটা শাহিন দেখিয়ে দিল।

নিজের এমন আয়োজনের কারণ জানিয়ে শাহিন ফকির বলেন, বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।

শাহিনের ভাষ্য, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল, একদিন তাকে দেখতে গ্রামের মানুষ ভিড় করবেন। বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফেরার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘদিনের ইচ্ছা বাস্তবায়িত হওয়ায় তিনি এবং তার পরিবারের সদস্যরা আনন্দিত।