...|...|...

সারাদেশ

নরসিংদীতে বয়লার মেশিন বিস্ফোরণে দগ্ধ ১১

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৮
Shares
নরসিংদীতে বয়লার মেশিন বিস্ফোরণে দগ্ধ ১১

নরসিংদীতে বয়লার মেশিন বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে একটি প্রতিষ্ঠানে বয়লার মেশিন বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে ১১ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে কালিবাড়ি এলাকার রনি প্রিন্টস নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি পাঁচজন হলেন মো. জামাল (৩৬), মো. টিপু (৪৫), মো. ফয়সাল (২৫), বাবুল (৩৫) ও মোহাম্মদ শাহজাহান (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, নরসিংদীর মাধবদী থেকে তাদের এখানে পাঁচজনকে নেওয়া হয়েছে। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাহজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় দগ্ধ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ সিকদার জানান, নরসিংদী থেকে তাদের এখানে ছয়জনকে আনা হয়েছে। তাদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।