...|...|...

আবহাওয়া

দেশজুড়ে টানা ১০ দিন ঝড়ো বৃষ্টির আভাস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৩:৪২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৯
Shares
দেশজুড়ে টানা ১০ দিন ঝড়ো বৃষ্টির আভাস

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে আগামী ১০ দিন দেশের প্রায় সব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, এ সময়ে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির আধিক্য থাকতে পারে। পাশাপাশি দিনে ও রাতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।

শুক্রবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) থেকে সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। এ সময়ে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টিমুখর আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।