...|...|...

আবহাওয়া

দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৪
Shares
দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণেরও আভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় সাময়িকভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা থাকছে কোথাও কোথাও।

তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। পরের ২৪ ঘণ্টায় দিন ও রাত- উভয় সময়ের তাপমাত্রাই সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকার স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, যা আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থেকে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৫১ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।