...|...|...

আইন ও আদালত

দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং তার নামে থাকা ৩১ লাখ ৮১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত সিয়ামকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তার অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সিয়াম পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এরপর গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

গত ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আদালত এ রায় ঘোষণা করেন।