...|...|...

আইন ও আদালত

জুলাই হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
জুলাই হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান গ্রেফতার

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাইটিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওহিদ আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান স্বপন শুনানিতে বলেন, আসামি ওই টিভি চ্যানেলের দায়িত্বশীল পদে থেকে আন্দোলনের খবর প্রচার না করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এবং ঘটনার সাথগে তার সম্পৃক্ততা তদন্তে উঠে এসেছে।

অন্যদিকে নাসির উদ্দিন সাথীর আইনজীবী ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া তাকে গ্রেফতার না দেখানোর আবেদন জানিয়ে বলেন, তার মক্কেল কোনো রাজনৈতিক দলের পদে নেই এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। শুনানি শেষে আদালত সাথীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বরে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্কুলছাত্র মাহফুজুর রহমান। এই ঘটনায় গত ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ। সাথীর আইনজীবী সোহরাব হোসেন রুবেল জানান, এ নিয়ে মোট পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।