...|...|...

রাজনীতি

দুর্গাপূজাকে টার্গেট করতে পারে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী: রিজভী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৩
Shares
দুর্গাপূজাকে টার্গেট করতে পারে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের ভেতরে ও বাইরে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এসব গোষ্ঠী টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি দলমত-নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, কোনও অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে নিজেই খোঁজখবর রাখছেন। শহিদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে যোগ দেয়ার পর বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করেন রিজভী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্রবধূ তাহমিনা আদনান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, কেপি উচ্চবিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, প্রধান শিক্ষক মো. শাহ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর এবং ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব।