ভারতের রাজস্থানে স্থানীয় সরকার নির্বাচনে এক নারী প্রার্থীর তিনটি মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে আলোচনা। একই নির্বাচনে তিনি কংগ্রেস ও বিজেপির প্রার্থী হিসেবে পৃথক মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দেন। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই জয় পান তিনি।
ওই নারীর নাম ভাটি কুমারী।
প্রথমে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সাবেক বিধায়ক ওয়াজিব আলী। একটি ভিডিওতে দেখা যায়, লাল রঙের শাড়ি পরে মুখ ঢেকে মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন ভাটি কুমারী।
কয়েক মিনিট পরই পোশাক বদলে সবুজ রঙের সালোয়ার-কামিজ পরে আবার মনোনয়ন জমা দিতে যান তিনি। এবার দুপাট্টা দিয়ে মুখ ঢেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন বিধায়ক জওহর সিং বেধাম।
তৃতীয়বার হলুদ রঙের শাড়ি পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ভাটি কুমারী। তবে এবার তিনি মুখ ঢেকে রাখেননি।
শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে জয়ী হন তিনি।
ভাটি কুমারীর শ্বশুর অর্জুন প্রধান এর আগে ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন। নির্বাচনের ব্যবস্থাপনার দায়িত্বও তিনি সামলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, বিজেপিও শেষ পর্যন্ত ভাটি কুমারীকে সমর্থন দেয়। এরপর তাকে বিজয়ী হিসেবে সনদ দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, একটি মাত্র দলের টিকিটে নির্বাচন করা নিয়ে নিশ্চিত ছিলেন না ভাটি কুমারী। সে কারণেই তিনি আরও দুটি মনোনয়ন জমা দেন।
তবে নির্বাচনী বিধি অনুযায়ী, একজন প্রার্থী একই ওয়ার্ড বা আসনে সর্বোচ্চ চারটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। কিন্তু তিনি একসাথে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন না। তাকে হয় একটি রাজনৈতিক দলের প্রার্থী, নয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।


