আবহাওয়া অধিদফতর জানিয়েছে সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

