অগ্রহায়ণ মাস চললেও এখনো শীতের তেমন অনুভূতি নেই। এরই মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৩ নভেম্বর) দিনের প্রথম ভাগে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।


