...|...|...

রাজধানী

ঢাকায় ‘নভেম্বর রেইন’, গরম শেষে শীতল পরশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৫
Shares
ঢাকায় ‘নভেম্বর রেইন’, গরম শেষে শীতল পরশ

ছবি: সংগৃহীত

সকাল থেকে ছিল ভ্যাপসা গরম। বেলা বাড়ার সাথে সাথে আকাশে জমতে থাকে মেঘ। এরপর সন্ধ্যায় বজ্রপাতের শব্দের সাথে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ঝুম বৃষ্টি। এতে গরম থেকে স্বস্তি পাওয়ার পাশাপাশি কমে আসে ঢাকার তাপমাত্রা। একসময় দিনের তুলনায় প্রায় ৮ ডিগ্রি কমে যায় তাপমাত্রা। বৃষ্টির পর শীতল বাতাসে রাজধানীতে অনুভূত হয় শীতের আগমনী আমেজ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়। বৃষ্টির সাথে বিভিন্ন স্থানে বজ্রপাতও হয়।

শুধু রাজধানী নয়, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। অথচ এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় সন্ধ্যায় তাপমাত্রা কমে যায় ৮ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল।

নভেম্বর মাসে বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এ সময় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ ও বৃষ্টির সৃষ্টি হতে পারে। এমন বৃষ্টির পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে এবং প্রকৃতিতে শীতের আবহ তৈরি হয়।

এদিকে নভেম্বরের বৃষ্টি মানেই সংগীতপ্রেমীদের কাছে মনে পড়ে যায় বিশ্বখ্যাত মার্কিন রক ব্যান্ড গানস এন’ রোজেসের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’। ১৯৯১ সালে প্রকাশিত ব্যান্ডটির ‘ইউজ ইওর ইলিউশন আই’ অ্যালবামে গানটি স্থান পায়। পরের বছর একক গান হিসেবেও এটি প্রকাশিত হয়।

হার্ড রক ও ক্ল্যাসিক রকের মিশেলে তৈরি এই পাওয়ার ব্যালাড নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে ‘Nothing lasts forever, even cold November rain’- গানের এই পঙ্‌ক্তি সংগীতপ্রেমীদের কাছে আজও সমান পরিচিত। তাই প্রকৃতিতে নভেম্বরের বৃষ্টি নামলে অনেকের মনেই বেজে ওঠে গানটির সেই চিরচেনা সুর।