রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজ লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে একই প্রতিষ্ঠানের তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলায় আতঙ্ক তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে।
রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত ওয়্যারহাউজে ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই দিন রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধের বোড়ঘাট এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
অভিযোগ রয়েছে, এ সময় ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর গতিরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রতিষ্ঠানটির তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িগুলোর নম্বর ঢাকা মেট্রো-ন-১১-৭৭৭৭, ঢাকা মেট্রো-ড-১১-৪৮২৯ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৭৮২৭।
এ সময় দুর্বৃত্তরা গাড়ির চালকদের হুমকি দিয়ে জানায়, তাদের বড় ভাইয়ের সাথে কথা বলে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ওয়্যারহাউজ থেকে কোনো গাড়ি বের করা যাবে না। অন্যথায় আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।


