...|...|...

শিক্ষা

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৯
Shares
টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে স্কুলগুলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমান সাত দিনের ছুটি উপভোগ করবে।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটি মিলিয়ে টানা ছুটি কাটানোর সুযোগ থাকছে।

গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনঃনির্ধারণ করা হলেও পূজার ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে।