...|...|...

অর্থনীতি

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ, আজ রাত থেকেই কার্যকর

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬, দুপুর ২:২২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:৩০
Shares
জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ, আজ রাত থেকেই কার্যকর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশে এভিয়েশন বা জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শনিবার (২৩ মে) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম নির্ধারণের কথা জানায় সংস্থাটি। নতুন নির্ধারিত এই দাম শনিবার রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হবে ১৬৫ টাকা ৮৮ পয়সায়। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৩৮৫ মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ৭ তারিখে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সাথে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল ১ দশমিক ৩৩৮৫ ডলার। সেই হিসাবে অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি দাম কমল ৩৯ টাকা ৫৭ পয়সা।

হঠাৎ দাম কমানোর প্রেক্ষাপট ও কারণ সম্পর্কে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর (এভিয়েশন ফুয়েল) মূল্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। মূলত গত ৫ থেকে ২১ মে পর্যন্ত সময়ে জেট এ-১-এর আন্তর্জাতিক বাজার মূল্য এবং প্ল্যাটস রেটের গড় বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট ফুয়েলের এই মূল্যহার সমন্বয় করা হলো বলে জানিয়েছে সংস্থাটি।