...|...|...

ঢাকা

জাজিরায় ইউপি সদস্যের নেতৃত্বে যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, সকাল ১০:৫১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৪
Shares
জাজিরায় ইউপি সদস্যের নেতৃত্বে যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা ও বড়কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মামুন মোল্লার বিরুদ্ধে।

মিছিলের ভিডিওটি মামুন মোল্লার নিজ ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউপি সদস্য মামুন মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় লাল ক্যাপ পরে একটি সড়কে মিছিল করছেন।

এসময় তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। সংক্ষিপ্ত এই মিছিল শেষে অংশগ্রহণকারীদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রজ্ঞাপনে মিছিল, সভা-সমাবেশসহ যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে জাজিরায় যুবলীগ নেতাকর্মীদের মিছিলের ভিডিও প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে মিছিল করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে পুলিশের নজরে এসেছে। মিছিলটি জাজিরার কোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে, এতে কারা অংশ নিয়েছেন এবং কর্মসূচির পেছনে কারা ছিলেন—এসব বিষয় খতিয়ে দেখতে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

এ বিষয়ে জাজিরা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহাম্মদ জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। মিছিলটির স্থান, এতে অংশগ্রহণকারী ও অর্থদাতাদের পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।