মা-ইলিশ সংরক্ষণে ফরিদপুর সদরপুরে অভিযান চালিয়ে ২ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ লাখ মিটার জালসহ ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চরমানাইর, নারিকেল বাড়িয়া, চরনাসিরপুর ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিনের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অধিদফতর ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।
জানা যায়, অভিযানকালে বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার চরমানাইর, নারিকেল বাড়িয়া, চরনাসিরপুর ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ এলাকার নদীতে অভিযান চালিয়ে ২ জেলেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিপারা এলাকার রব মোল্লার ছেলে রমজান মোল্লা (২৫), একই উপজেলার সিঙ্গাইর হাটি এলাকার আলী মৃধার ছেলে আলাউদ্দিন (৩০)।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া জব্দ করা ১ লাখ মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ১২ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা-ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগর ও নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা-ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চলছে।


