...|...|...

সারাদেশ

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে মিলবে পুরস্কার

রাজশাহী প্রতিনিধি
আপডেট: ৩ দিন আগে
ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে  মিলবে পুরস্কার

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের এক ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে একটি মিছিল অনুষ্ঠিত হয়। বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া ওই মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের আহ্বান জানান।

শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে বলে দাবি করে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না।

তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা যদি আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তবে তা গণতন্ত্রকামী জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, ‘যে স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশে রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে দেওয়া হবে না।’

তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া তিনি দাবি করেন, ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।