লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।
শনিবার (১১ জুলাই) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে উপজেলার কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। দুপুরে সেই ছাগল আনতে যান শারমিন। ছাগলগুলো কোনোভাবে রেললাইনের সাথে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান শারমিন। ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সাথে ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


