...|...|...

সারাদেশ

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

নিহত এনসিপি নেতা তানভীরুল ইসলাম (২৬)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) বিষপানে মারা গেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বিষয়টি বুধবার রাতে জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। মঙ্গলবার ওই বাসায় বিষপান করলে স্বজনরা তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, তানভীরুল গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত একজন ‘জুলাইযোদ্ধা’ ছিলেন। তার কোমরে গুলি লেগে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছিল। ওই ক্ষতে সংক্রমণের কারণে তিনি দীর্ঘদিন ধরে তীব্র শারীরিক যন্ত্রণা ও কষ্টে ভুগছিলেন। ব্যথার তীব্রতায় তিনি প্রায়ই কান্নাকাটি করতেন। এই অসহনীয় শারীরিক কষ্ট তার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তানভীরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।