...|...|...

রাজধানী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- রিয়াজুল শেখ (৪০) তার স্ত্রী আরিফা বেগম (৩০) মেয়ে ফারিয়া আক্তার (১৭) ছেলের স্ত্রী রোজিনা আক্তার (১৮) ও রোজিনার ছেলে আব্দুর রহিম (০১)।

হাসপাতালে দগ্ধ রিয়াজুলের ছেলে মো. আকাশ জানান, গাজীপুরের কাশিমপুরের একটি টিনসেড বাসায় ভাড়া থাকেন তারা। পাশাপাশি রুমে এক নারী ভাড়া থাকেন। সকালে ওই নারী দরজা বন্ধ করে কাজে যায়। ওই রুম থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছিল। এরপর ওই নারীর সাথে যোগাযোগ করে দরজা খোলা হয়। এ সময় পরিবারের সবাই ওই দরজার পাশে দাঁড়িয়ে ছিল।

তিনি আরও জানান, দরজা খুলে লাইটের সুইচ দিতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে তারা পাঁচজন দগ্ধ হয়। এরপর তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে রিয়াজুলের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, রোজিনার ১ শতাংশ, ও শিশু রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।