সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে আতিকা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে গলা কেটে ও বুকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
নিহত আতিকা খাতুন পাবনা জেলার চাটমোহর উপজেলার ডেফলচড়া গ্রামের মো. ওসমান গনির মেয়ে।
এ ঘটনায় নিহতের বাবা মো. ওসমান গনি বাদী হয়ে তাড়াশ থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে মেয়ের স্বামী, উল্লাপাড়া উপজেলার মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে আতিকা খাতুনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। সর্বশেষ যৌতুকের দাবিকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে বুধবার (২৪ জুন) চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
তাড়াশ থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।


