...|...|...

সারাদেশ

খাগড়াছড়িতে অবরোধ শেষ, সাজেকে কর্মসূচি চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ২:০২
Shares
খাগড়াছড়িতে অবরোধ শেষ, সাজেকে কর্মসূচি চলছে

ছবি: টাইমস টুডে

সাজেকে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং আগের কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে রাঙামাটির সাজেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়িতে অবরোধ চলাকালে শহর থেকে দূরপাল্লার যানবাহন এবং অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধকারীদের পিকেটিং করতে দেখা যায়। কোথাও কোথাও সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে কর্মসূচির সমর্থনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

অবরোধকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়। অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল। কর্মসূচি চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জনভোগান্তি কমানো ও জরুরি সেবা সচল রাখতে অ্যাম্বুলেন্স, রোগীবাহী যানবাহন, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহকারী পরিবহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত রাখা হয়।
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ‘সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে ঘোষিত তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি তৃতীয় দিনের মতো চলছে।

অবরোধকারী সংগঠনগুলোর অভিযোগ, আগের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পার্বত্য দুই জেলায় আধাবেলা অবরোধের ডাক দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বর্তমানে সাজেক ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেখানে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তবে সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কবে নাগাদ প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। ফলে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম এবং সড়ক যোগাযোগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তবে আধাবেলা সড়ক অবরোধ শেষে খাগড়াছড়ির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি বাস মালিক সমিতির একাধিক নেতৃবৃন্দ।