...|...|...

খেলা

ক্রিকেটের পরাশক্তি থেকে দেউলিয়া হওয়ার শঙ্কা, কী হয়েছে ওয়েস্ট ইন্ডিজের

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৫
Shares
ক্রিকেটের পরাশক্তি থেকে দেউলিয়া হওয়ার শঙ্কা, কী হয়েছে ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

একসময় বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল ও ব্রায়ান লারাদের হাত ধরে ক্রিকেটের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছিল ক্যারিবীয় অঞ্চল। তবে সেই সুদিন এখন অতীত। মাঠের পারফরম্যান্সের অবনতির পাশাপাশি এবার ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। লোকসান, নগদ অর্থের ঘাটতি, টুর্নামেন্ট স্থগিত ও ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর ঘটনায় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে সংস্থাটির আর্থিক সংকটের ভয়াবহ চিত্র। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৫৫ কোটি টাকা) লোকসান করেছে সিডব্লিউআই। ২০২৬ সালেও আরও ২ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ৩২৫ কোটি টাকা) লোকসানের আশঙ্কা করছে সংস্থাটি।

আর্থিক দুরবস্থার সবচেয়ে বড় প্রমাণ নগদ অর্থের পরিমাণ কমে যাওয়া। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে সিডব্লিউআইয়ের হাতে নগদ অর্থ ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার (প্রায় ২১৮ কোটি ৭৫ লাখ টাকা)। এক বছরের ব্যবধানে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তা নেমে এসেছে মাত্র ১৬ লাখ ডলারে (প্রায় ২০ কোটি টাকা)। অর্থাৎ এক বছরে নগদ অর্থের মজুত কমেছে প্রায় ৯০ শতাংশ।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ঋণ নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, সংস্থাটি আইসিসির কাছ থেকে ১ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ২০০ কোটি টাকা) ঋণ পেয়েছে। তবে ঋণের সঙ্গে রয়েছে নির্দিষ্ট শর্ত ও পরিশোধের বাধ্যবাধকতা। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, আইসিসি ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ১৬০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে।

অর্থসংকটের সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট আয়োজন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধায়। চলতি বছর প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচসংখ্যা ২৮ থেকে কমিয়ে ১১টিতে নামানো হয়েছে। দলসংখ্যাও আট থেকে ছয় করা হয়েছে। ছেলেদের সুপার ফিফটি ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও এক বছর থেকে কমিয়ে সাত মাস করা হয়েছে।

এই আর্থিক সংকটের কারণ ব্যাখ্যা করেছেন সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং। দ্য টেলিগ্রাফকে তিনি জানান, গত এক দশকে আঞ্চলিক বিমান সংস্থাগুলোর পেছনে ৮ কোটি ২৫ লাখ ডলার এবং হোটেল খাতে ১২ কোটির বেশি ডলার ব্যয় করেছে সংস্থাটি। অথচ এসব খাত থেকে কোনো উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকতা বা অর্থ ফেরত পাওয়া যায়নি।

ডেহরিংয়ের ভাষ্য, ক্রিকেটের উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল এমন বিপুল অর্থ বিমান পরিবহন ও আবাসন খাতে চলে গেছে। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আর্থিক সহযোগিতা না পাওয়ায় ক্রিকেটের জন্য প্রয়োজনীয় অর্থের ঘাটতি তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ব্যয়ও সংকটকে আরও বাড়িয়ে তুলছে। একটি টেস্ট সিরিজের টেলিভিশন সম্প্রচার ব্যবস্থাপনায় খরচ হয় ৩৫ থেকে ৫০ লাখ ডলার। বিপরীতে সম্প্রচার স্বত্ব বিক্রি করে আয় হয় মাত্র কয়েক লাখ ডলার। ক্যারিবীয় অঞ্চলের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ক্রিকেটার ও সম্প্রচার সরঞ্জাম পরিবহনের খরচও অনেক বেশি। একটি চার্টার ফ্লাইটের জন্য গুনতে হয় ৩ থেকে ৪ লাখ ডলার।

সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে নতুন ক্রিকেটার তৈরির প্রক্রিয়া নিয়ে। আর্থিক সংকটের কারণে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ কমে যাওয়ায় তরুণদের খেলার সুযোগও সীমিত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিভাবান ক্রিকেটারদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে।

তিনি বলেন, চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কঠিন সময় যাচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে অনেক তরুণ খেলোয়াড় প্রয়োজনীয় ম্যাচ খেলার সুযোগ পাবে না। ফলে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার আগেই তারা অন্য দেশের ক্রিকেটারদের তুলনায় পিছিয়ে পড়বে।

অ্যাডামসের মতে, অন্য টেস্ট খেলুড়ে দেশের সমমানের প্রতিভা থাকা সত্ত্বেও ক্যারিবীয় অঞ্চলের তরুণেরা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। অন্য দেশের একজন ক্রিকেটার যদি একই সময়ে তাদের তুলনায় তিন গুণ বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে স্বাভাবিকভাবেই সে এগিয়ে থাকবে।

শুধু ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট নয়, স্কুল পর্যায়েও পরিস্থিতি উদ্বেগজনক। করোনাভাইরাস মহামারির পর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের উচ্চমূল্য এবং দল পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবলের অভাবও বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মেয়েদের ক্রিকেটে সুযোগের ঘাটতি প্রকট।

এ বিষয়ে অ্যাডামস বলেন, ক্যারিবীয় অঞ্চলে প্রতিভাবান অ্যাথলেটের অভাব নেই। কিন্তু মেয়েদের ক্রিকেটের পর্যাপ্ত কার্যক্রম না থাকায় অনেকেই নেটবল কিংবা অ্যাথলেটিকসের মতো অন্য খেলায় চলে যাচ্ছে।

তবে আর্থিক সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার চেষ্টা করছে সিডব্লিউআই। অ্যান্টিগায় আধুনিক ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সেখানে উন্নত কোচিং, ইনডোর প্রশিক্ষণ, ক্রীড়াবিজ্ঞান ও আধুনিক অনুশীলন সুবিধা রাখা হবে। পাশাপাশি ১২০ কক্ষের একটি হোটেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বিদেশি দলগুলোকে সেখানে প্রশিক্ষণের সুযোগ দিয়ে বাড়তি আয়ের পথ তৈরি করতে চায় সংস্থাটি।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে। এর মধ্যে আর্থিক সংকট সামাল দেওয়া এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামো সচল রাখাই সিডব্লিউআইয়ের বড় চ্যালেঞ্জ। একসময় যে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ংকর দল হিসেবে বিবেচনা করা হতো, সেই ক্যারিবীয়দের এখন নিজেদের ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচাতেই লড়তে হচ্ছে।