কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে দুর্বৃত্তের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী সানজিদা হামীম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি।
ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম বলেন, গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে।
আহত অটোরিকশাচালক বলেন, আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়, চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।
কে ককটেল নিক্ষেপ করেছে, জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে দেখিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন জানান, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে তিনি ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।


