...|...|...

বিনোদন

এফডিসিতে হেলাল-জয় বাকযুদ্ধ, একপর্যায়ে বললেন ‘তুই ফ্যাসিস্ট’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২০
Shares
এফডিসিতে হেলাল-জয় বাকযুদ্ধ, একপর্যায়ে বললেন ‘তুই ফ্যাসিস্ট’

ছবি: সংগৃহীত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তবে কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুই ফ্যাসিস্ট।’

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি গেটে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট নেতা-কর্মী এবং কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতির চত্বরে গিয়ে জয়ের সাথে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

জয় চৌধুরী নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে হেলাল খানের ক্ষোভ আরও বেড়ে যায়। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

ঘটনার বিষয়ে জয় চৌধুরী বলেন, ‘শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে বসে ছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা।’

হেলাল খানের ক্ষোভের কারণ ব্যাখ্যা করে জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। এ কারণেই তিনি রাগ করেছেন।’

ওই মানববন্ধনে হেলাল খান ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।