ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তিনদিনের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন।
গ্রেফতাররা হলেন- ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, রহিমগঞ্জ ইউনিয়ন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. রামিম, ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকা থেকে ছাত্রলীগ কর্মী রাতুল হাসান,বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামের মোটরসাইকেলচালক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হুমায়ুন কবির, নলচাপড়া গ্রামের যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম, নারায়ণপট্টি গ্রামের টুটুল, বড়ইকান্দি এলাকার সামিউল খান, রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের যুবলীগ কর্মী সিদ্দিক।
ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময় বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে হয়রানি ও মামলার শিকার আমরা হয়েছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি- যারা সাধারণ মানুষসহ বিএনপিকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে তাদেরকে গ্রেফতার করা হোক এবং অন্যায় অবিচার করা ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হোক। আর সেটা করতে গিয়ে আমরা চাই না নিরপরাধ কেউ হয়রানির শিকার হোক।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

